ডুয়েটে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১০
মানব কথা: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে রোববার (১৭ মে) উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে পৌঁছালে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ভিসির দায়িত্ব গ্রহণ ঠেকাতে শান্তিপূর্ণ আন্দোলনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এরপর পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং ক্যাম্পাসজুড়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার রবিউল, সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও এক সাংবাদিকসহ অন্তত আট থেকে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে পাশের গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। বর্তমানে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করে বলেন, “শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে নয়, বরং ডুয়েটে চলমান কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের স্বার্থে একটি বিশেষ মহল ‘পেইড ভিসি’ নিয়োগ দিয়েছে।” গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি এবং উপজেলা পরিষদে অবস্থান করছেন। অন্যদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও বহিরাগত প্রোভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।











