স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

সময়: 10:36 am - May 18, 2026 |

মানব কথা:স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনি পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে।তিনি বলেন, “আমরা চাই দেশে ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়।” রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়। সিইসি আরও বলেন, শুধু নির্বাচন কমিশনের পক্ষে একটি সফল নির্বাচন আয়োজন সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর