নেতাকর্মীদের ফেলে পালানোদের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আব্দুল্লাহ

সময়: 10:53 am - May 18, 2026 |

মানব কথা:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যে দলের প্রধানরা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে এনসিপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তার ভাষায়, “এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।” রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের সন্তানরা দেশে পড়াশোনা করলেও ক্ষমতাবানদের সন্তানরা বিদেশে শিক্ষা ও চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন,“বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, নেই কোনো গাড়ি। অথচ অনেকের বাড়ি-গাড়ি বিদেশে।”তিনি আরও বলেন, যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে হবে এবং সরকারি-বেসরকারি খাতে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। আগামী বাজেটে তরুণদের কর্মসংস্থান ও আধুনিক শিক্ষাব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিরোধী মত দমন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে অতীতেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক সমস্যাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করার দাবি জানান তিনি। জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হান এর সভাপতিত্বে আয়োজিত পদযাত্রায় আরও বক্তব্য দেন জয়নাল আবেদীন পাটোয়ারী, নাভীদ নওরোজ শাহ, ইব্রাহিম খালেদসহ স্থানীয় নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর