ঈদের ছুটিতে কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশ এনবিআরের
মানব কথা:আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদের দিন ছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে এনবিআরের দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোকে প্রয়োজনীয় জনবল ও কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য বলা হয়েছে, যাতে ঈদকালীন সময়েও পণ্য খালাস ও বাণিজ্য কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এনবিআর জানিয়েছে, ব্যবসায়ী ও আমদানিকারকদের সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।










