নির্মাণ হবে ২০ নতুন ফায়ার স্টেশন, আসছে ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 8:53 am - May 19, 2026 |

মানব কথা:দেশে জরুরি সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহ এবং ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে চাহিদার তুলনায় এটি পর্যাপ্ত নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুরোনোগুলো পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। দুর্যোগ ও দুর্ঘটনার সময় বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। নৌ-দুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ডুবুরি ইউনিটে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভবিষ্যতে সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করতে ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণের মান উন্নয়নে গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস সদস্যদের আবাসন সুবিধা বাড়াতে ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণাধীন রয়েছে। একইসঙ্গে মিরপুরে সদর দপ্তর ভবনের কাজও চলমান। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডে কাজ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। এছাড়া সড়ক দুর্ঘটনা, উদ্ধার অভিযান, অ্যাম্বুলেন্স সেবা ও অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে বাহিনী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মনজুর মোর্শেদ চৌধুরী এবং মুহাম্মদ জাহেদ কামাল।

Share Now

এই বিভাগের আরও খবর