সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ : সোনাইমুড়ীতে শুরু হলো ভূমিসেবা মেলা
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রত্যয় নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা। আজ ১৯ মে (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।
মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, সাব-রেজিস্ট্রার মোঃ সিরাজুল হক, সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম এবং সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া। এছাড়াও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষকে ভোগান্তিমুক্ত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমিসেবা দিতেই এই মেলার আয়োজন। মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকেরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান ও পরামর্শ সরাসরি লুফে নিতে পারবেন।













