২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

সময়: 10:06 am - May 21, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির ভারসাম্য রক্ষায় ২৩ মে শনিবারকে কর্মদিবস হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, গত ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে জরুরি সেবাখাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির সুবিধার বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিললেও একটি সাপ্তাহিক ছুটি কর্মদিবস হিসেবে পালন করতে হবে সরকারি চাকরিজীবীদের।

Share Now

এই বিভাগের আরও খবর