২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১

সময়: 9:59 am - May 21, 2026 |

মানব কথা: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন শিশু। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জনে। একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৯ হাজার ২৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে আরও ৩ শিশু। সব মিলিয়ে একদিনে প্রাণ হারিয়েছে ৭ শিশু। এদিকে, ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৩৬ জন। এর আগে গত ২৬ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৬৪ জন হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় সেই রেকর্ডও ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা গ্রহণই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায়।

Share Now

এই বিভাগের আরও খবর