নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে ত্রিশালে প্রধানমন্ত্রী

সময়: 7:34 am - May 23, 2026 |

মানব কথা:ময়মনসিংহের ত্রিশালে তিনদিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনে যোগ দিতে শনিবার (২৩ মে) সকালে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তিনি ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের তৎপরতায় পুরো ত্রিশাল এখন নিরাপত্তার চাদরে মোড়ানো। জানা গেছে, শনিবার দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা সাড়ে ২টায় উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। সেখানে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, পরে দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ত্রিশালজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্যানা। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। পাশাপাশি বসেছে নজরুল মেলা ও বইমেলা। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরে ত্রিশালের জন্য নতুন কোনো উন্নয়ন প্রকল্প বা বিশেষ ঘোষণা আসতে পারে। তাদের দাবির মধ্যে রয়েছে ‘নজরুল সিটি’ বাস্তবায়ন, শিল্পনগরী ঘোষণা এবং কারিগরি শিক্ষার প্রসারে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন। ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবারও বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যতিক্রমধর্মী উন্নয়ন উপহার পাওয়ার আশায় রয়েছে এলাকাবাসী।” তিনদিনব্যাপী এ উৎসবে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে। পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক স্টল নিয়ে বসেছে মেলা। কবি-সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশাল।

Share Now

এই বিভাগের আরও খবর