প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
মানব কথা:বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে প্রায় চার বছরের দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা। বিদায়ের আগে বাংলাদেশের মানুষ ও দুই দেশের সম্পর্ক নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বিদায়ী বার্তায় প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে কাটানো সময় তার ও তার স্ত্রী মনুর জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। কূটনৈতিক দায়িত্বের বাইরেও এ দেশের মানুষের সঙ্গে গভীর বন্ধন ও আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং অভিন্ন ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে দুই দেশ আবেগের বন্ধনে আবদ্ধ।ভার্মা তার বক্তব্যে উল্লেখ করেন, গত ৫৫ বছরে বাংলাদেশ ও ভারত উভয় দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে অনেক এগিয়েছে। বর্তমানে দুই দেশই দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ এবং আঞ্চলিক উন্নয়নের মতো বিষয়ে দুই দেশের সহযোগিতা অত্যন্ত জরুরি। পারস্পরিক শ্রদ্ধা, কল্যাণ ও অর্থনৈতিক সংযোগের ভিত্তিতে ভবিষ্যৎমুখী নতুন কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।বিদায়ী বার্তায় প্রণয় ভার্মা বলেন, “দ্রুত বিকাশমান দুটি দেশ হিসেবে আমাদের ভৌগোলিক নৈকট্য কোনো দায় নয়, বরং এটি নতুন সম্ভাবনার বড় সম্পদ।”তিনি আশা প্রকাশ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব অব্যাহত থাকবে। সবশেষে আবেগঘন ভাষায় তিনি বলেন, “বাংলাদেশের মানুষের উষ্ণতা, ভালোবাসা ও আন্তরিকতা আমাদের হৃদয়ে চিরদিন অমলিন থাকবে। আবার কোনো একদিন, কোনো এক স্থানে দেখা হবে।”









