সরকারের প্রথম ১০০ দিনের অর্জন নিয়ে আজ সংবাদ সম্মেলন
মানব কথা:প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫ মে) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন কার্যক্রম, অর্জন, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে এ সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা। সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১০০ দিনে অর্থনীতি, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও জনসেবামূলক নানা উদ্যোগ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









