শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
মানব কথা:ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘আগামীকাল (রোববার) বিকালের মধ্যে আদ্-দ্বীন হাসপাতালকে জানাতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। যদি সন্তোষজনক জবাব না পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ইতোমধ্যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জনস্বার্থ ও রোগীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা হয়েছে। তদন্তে যাদের দায় প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিন স্তরের অ্যাম্বুলেন্স সেবার পরিকল্পনা:
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার তিন স্তরের আধুনিক অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা নিয়েছে। তার ভাষ্য, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য পৃথক ধরনের অ্যাম্বুলেন্স চালুর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলো স্থানীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎচালিত হবে এবং অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে সজ্জিত থাকবে। তিনি বলেন, দেশের সড়ক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সগুলোর নকশা তৈরি করা হবে। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি ও নকশাগত সহায়তা দেবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান:
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং জানান, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, ‘জনসচেতনতা বাড়ানোই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে কাজ করছে।’









