বাজেট আলোচনা শুরু ১৬ জুন, ৩০ জুনের মধ্যে পাস: চিফ হুইপ

সময়: 4:26 pm - June 6, 2026 |

মানব কথা: আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, ১৬ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। প্রয়োজন অনুযায়ী সকাল ও বিকাল—দুই অধিবেশনেই সংসদের কার্যক্রম পরিচালিত হতে পারে। আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং একই দিন রাত ১২টার আগেই বাজেটের গেজেট প্রকাশ করা হবে। নুরুল ইসলাম মনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করলেও আন্তরিকতা, স্বচ্ছতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণের কারণে অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রয়েছে। সভায় চুরি ও দুর্নীতি বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।তিনি জানান, সংসদীয় দলের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এবং সরকারের প্রথম ১২০ দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।শিক্ষা খাত প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছেন, যাতে শিক্ষার্থীরা কর্মমুখী জ্ঞান অর্জন করতে পারে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মিড-ডে মিল’ চালুর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে চাঁদাবাজি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যে-ই এসব কর্মকাণ্ডে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। সংবিধান সংশোধনের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী সংবিধানকে আরও যুগোপযোগী করতে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং বিরোধী দলও এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রীরা বিভিন্ন কারণে পদত্যাগ করতে পারেন। দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর