পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মানব কথা:দেশের পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে সরকার সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণই। একই সঙ্গে পুলিশ সদস্যদের নৈতিকভাবে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সোমবার (৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ নীতিতে বিশ্বাস করে। ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা—এই নীতিই অনুসরণ করা হচ্ছে। ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ সরকারের মূলনীতি উল্লেখ করে তিনি বলেন, বাস্তবেও এর প্রয়োগ শুরু হয়েছে। পুলিশের ভাবমূর্তি নিয়ে করা এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার কমেছে। পুলিশ বাহিনীর কার্যক্রম সম্পর্কে জনগণই চূড়ান্ত মূল্যায়ন করবে। তবে আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের আরও উৎসাহিত করা প্রয়োজন।টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কোনো সরকারি সংস্থা নয়। প্রকৃত তথ্য জানতে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিবেচনার আহ্বান জানান তিনি।








