ফেসবুকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মানব কথা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি বিধান বর্তমানে দেশে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার কেবল অনুরোধের মাধ্যমে কনটেন্ট অপসারণ বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিতে পারে। সোমবার (৮ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।প্রশ্নোত্তর পর্বে জেরিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি-ভিডিও ব্যবহার করে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিদের চরিত্রহনন এবং নারী হয়রানি প্রতিরোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য ছড়ানো রোধে সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে উপযুক্ত শাস্তির বিধান যুক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আরও জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সরকার চাইছে অনুরোধ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। বর্তমানে অনেক ক্ষেত্রে কোনো কনটেন্ট অপসারণের অনুরোধ জানানো হলেও ব্যবস্থা নিতে দীর্ঘ সময়, কখনও কখনও ছয় মাস পর্যন্ত লেগে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। রাজনৈতিক নেতা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়েও নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব নিয়ন্ত্রণে কার্যকর আইনি সংস্কার প্রয়োজন। তিনি জানান, বিদ্যমান আইনে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় সরকার কেবল অনুরোধ করতে পারে। এই সীমাবদ্ধতা দূর করতেই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।










