এআই খাতে ৫০০ কোটি টাকার বরাদ্দ
মানব কথা:কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, স্টার্টআপ উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।অর্থমন্ত্রী বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্মার্ট সিটি নির্মাণ এবং সরকারি সেবায় এআই-নির্ভর ডাটা সেন্টার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করে তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি পরিকল্পনা প্রণয়ন ও সেবা ব্যবস্থাপনায় এআই-চালিত ডাটা বিশ্লেষণ ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতেও এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি জানান, তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আগামী অর্থবছরে ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হবে। এই অর্থ স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরির কাজে ব্যয় করা হবে।অর্থমন্ত্রীর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ উদ্ভাবননির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার পথে আরও একধাপ এগিয়ে যাবে।









