তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক
মানব কথা: তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ কে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ দেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ আর্থিক সহায়তা দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক আন্দোলন শুরু করলে বিপুলসংখ্যক আমানতকারী তাদের জমা অর্থ উত্তোলন করতে থাকেন। এতে ব্যাংকটির তারল্য সংকট আরও তীব্র হয়ে ওঠে।সংকটের কারণে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে হিমশিম খেতে হয় ব্যাংকটিকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ মঞ্জুর করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির জন্য তারল্য সহায়তার ইঙ্গিত দিয়ে বলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক আরও জরুরি তারল্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিশেষ সহায়তার মাধ্যমে ব্যাংকটির ওপর গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।









