আজ শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর

সময়: 8:32 am - June 21, 2026 |

মানব কথা:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীন সফরে যাবেন। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।পররাষ্ট্র সচিব জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলক ছোট রাখা হয়েছে। এতে ২৭ থেকে ২৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন বা সামার দাভোস ফোরামে অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফর শেষে ২৬ জুন রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর