ঢাকার বাস টার্মিনাল স্থানান্তর জনভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়াবে: আইপিডি

সময়: 10:25 am - June 21, 2026 |

মানব কথা :ঢাকার যানজট কমানোর লক্ষ্যে রাজধানীর চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি বলছে, পর্যাপ্ত গণপরিবহন সংযোগ ও সমন্বিত পরিকল্পনা ছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে যানজট কমার বদলে সাধারণ মানুষের দুর্ভোগ, যাতায়াত ব্যয় ও নিরাপত্তাঝুঁকি আরও বাড়তে পারে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল যথাক্রমে কাঁচপুর, হেমায়েতপুর, টঙ্গী ও কেরাণীগঞ্জ এলাকায় স্থানান্তর করা হবে। তবে আইপিডির মতে, ঢাকার যানজটের মূল কারণ বাস টার্মিনাল নয়; বরং পরিবহন খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, সড়ক দখল, অবৈধ পার্কিং ও শৃঙ্খলাহীনতা। সংস্থাটি মনে করে, রাজধানীর বিদ্যমান টার্মিনালগুলো শহর থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও সময় ব্যয় করতে হবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন।

আইপিডির প্রধান উদ্বেগ:

সংযোগ পরিবহন ও শেষ গন্তব্যে পৌঁছানোর সংকট:
নতুন টার্মিনাল থেকে নগরের বিভিন্ন এলাকায় পৌঁছাতে পর্যাপ্ত মেট্রোরেল, দ্রুতগতির বাসসেবা কিংবা সুশৃঙ্খল বাস সার্ভিস না থাকলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়বেন।

যাতায়াত ব্যয় ও সময় বৃদ্ধি:
মূল শহরে প্রবেশের জন্য অতিরিক্ত পরিবহন ব্যবহার করতে হবে, ফলে খরচ ও সময় উভয়ই বাড়বে।

নতুন করে যানজটের আশঙ্কা:
টার্মিনাল থেকে শহরে প্রবেশে ছোট যানবাহনের ব্যবহার বৃদ্ধি পেলে প্রবেশমুখ ও সংযোগ সড়কে যানজট আরও বাড়তে পারে।

গণপরিবহনের ওপর অতিরিক্ত চাপ:
বর্তমান গণপরিবহন ব্যবস্থা লাখো দূরপাল্লার যাত্রীর অতিরিক্ত চাপ সামাল দেওয়ার মতো প্রস্তুত নয়।

নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি:
বিশেষ করে রাত ও ভোরে প্রান্তিক টার্মিনাল থেকে যাতায়াতের ক্ষেত্রে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।

বিশ্বের অনেক শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল :

আইপিডি বলছে, বিশ্বের বিভিন্ন বড় শহরে এখনো নগরের কেন্দ্রস্থলে আন্তঃনগর বাস টার্মিনাল পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে সংস্থাটি নিউইয়র্কের ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল, লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন, ভারতের দিল্লির কাশ্মীরি গেট আন্তঃরাজ্য বাস টার্মিনাল এবং বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বাস স্টেশনের কথা উল্লেখ করেছে। তাদের মতে, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নগরের ভেতরেই বাস টার্মিনাল কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

আইপিডির ৮ দফা সুপারিশ :

১. চার বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
২. বিদ্যমান টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উন্নত করতে হবে।
৩. প্রস্তাবিত এলাকাগুলোতে নতুন বাস ডিপো নির্মাণ করতে হবে।
৪. দূরপাল্লার যাত্রীদের জন্য মানসম্মত সংযোগ পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
৫. বাস রুট পুনর্বিন্যাস প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৬. রুট পারমিট বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৭. যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮. টার্মিনালগুলোকে সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন কেন্দ্রে রূপান্তর করতে হবে।

আইপিডির মতে, ঢাকার বর্তমান নগর ও পরিবহন বাস্তবতা বিবেচনায় বিদ্যমান বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার পরিবর্তে সেগুলোর ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করার দিকেই গুরুত্ব দেওয়া উচিত।

Share Now

এই বিভাগের আরও খবর