মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে, ক্লোসাকে ছুঁয়ে নতুন ইতিহাসের পথে

সময়: 4:28 am - June 23, 2026 |

মানব কথা:বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এখন তার সামনে রয়েছে আরেকটি বড় লক্ষ্য—লিওনেল মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড।

বিশ্বকাপে রেকর্ড ভাঙা-গড়ার দৌড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক এমবাপ্পে।নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ১৪ মিনিটেই গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আরও একটি গোল করেন এই ফরাসি তারকা। ফ্রান্সের হয়ে অপর গোলটি করেন উসমান দেম্বেলে।এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬।

ফলে তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন। বর্তমানে বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড রয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দখলে।অর্থাৎ মেসির রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র দুটি গোল। বয়স মাত্র ২৭ হলেও ইতোমধ্যে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন তিনি। ফ্রান্স টুর্নামেন্টে আরও এগোতে পারলে চলতি আসরেই মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে এমবাপ্পের সামনে।ফরাসি অধিনায়কের দুর্দান্ত ফর্মে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ফ্রান্স। এখন দেখার বিষয়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে এমবাপ্পের অপেক্ষা আর কত দিনের।

Share Now

এই বিভাগের আরও খবর