আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

সময়: 8:31 am - June 23, 2026 |

মানব কথা:মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, সে বিষয়ে আদালতের রায়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, ‘যতদিন বিচার প্রক্রিয়া চলবে, ততদিন সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ অবস্থায় দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে। সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন না। ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতের বিভিন্ন ঘটনা এখনো জনগণের স্মৃতিতে স্পষ্টভাবে রয়েছে। এসব স্মৃতি মুছে যাওয়ার আগে দলটির পক্ষে দৃঢ় রাজনৈতিক অবস্থান নিয়ে সামনে আসা কঠিন হবে।তিনি আরও বলেন, ‘যারা লুটপাট, দুর্নীতি ও মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িত, তাদের নৈতিক ভিত্তি সাধারণত দুর্বল থাকে। তাই নৈতিক শক্তির জায়গা থেকে জনসম্মুখে অবস্থান নেওয়া তাদের জন্য সহজ নয়।’

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর