ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠন

সময়: 8:51 am - June 23, 2026 |

মানব কথা:মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণও সমানভাবে জরুরি।তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—

• বিভিন্ন দপ্তরের মাধ্যমে লিফলেট ও প্রচারপত্র বিতরণ
• শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম
• স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার
• ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত তদারকি
• এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান
• নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান ও গ্যারেজে নিয়মিত পরিদর্শন
• গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার বৃদ্ধি
• ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা

সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর