চীন সফরের দ্বিতীয় ধাপ শুরু, বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সময়: 7:20 am - June 24, 2026 |

মানব কথা: চীনের ডালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সৃষ্টি হবে।উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে তার সফরের মূল কর্মসূচি ও বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর