এইচএসসিতে নকল ধরা পড়লে শিক্ষার্থী ও কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সময়: 7:42 am - June 24, 2026 |

মানব কথা: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল কিংবা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র সচিবকেও জবাবদিহির মুখোমুখি হতে হবে। বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন। শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে নকলের ধরন বদলেছে। তাই পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে।তিনি বলেন, “আগের মতো প্রকাশ্য নকল না থাকলেও এর নতুন নতুন পদ্ধতি তৈরি হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনসহ আইনের আওতায় আনা হবে। পাশাপাশি কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রী আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সরকার নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান, বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় কেন্দ্র সচিবদের নকলমুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর