আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মানব কথা: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনটিতে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে, যাতে বিবাদীরা ব্যাখ্যা দেন কেন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হবে না। রিট আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি কিংবা আইনের অপব্যবহার রোধে আইনটি রহিত করা প্রয়োজন। এছাড়া আবেদনকারী দাবি করেছেন, আইনটির কিছু বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় আইনটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। জানা গেছে, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।









