ফিফা বিশ্বকাপ: ইরানের ওপর কিছুটা নরম হলো যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালে ইরানের ওপর আরোপিত ভ্রমণ-নিষেধাজ্ঞায় আংশিক শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান জাতীয় ফুটবল দল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এই সুবিধা সীমিত পরিসরেই কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরই ইরান দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, মেক্সিকোর তিহুয়ানায় অবস্থিত দলের বেস ক্যাম্প থেকে বুধবার সিয়াটলের উদ্দেশে রওনা দেবে খেলোয়াড়রা। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ইরানের আগের দুটি সফর নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় এবং দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত একদিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ শুরুর পর যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানকে নানা বিধিনিষেধের মুখে পড়তে হয়েছে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের আগে দলটিকে ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া নিরাপত্তাজনিত কারণে তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোয় স্থানান্তর করা হয়। একই সঙ্গে দলের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি বলে জানা গেছে।
ইরান দীর্ঘদিন ধরেই অন্যান্য অংশগ্রহণকারী দলের মতো সমান সুযোগ-সুবিধা দাবি করে আসছিল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর ইরানের উইঙ্গার আলিরেজা জাহানবাখশ বলেন, তারা বিশেষ কোনো সুবিধা নয়, বরং অন্যান্য দলের মতো স্বাভাবিক সুযোগ-সুবিধাই প্রত্যাশা করেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিললেও ইরানের ওপর আরোপিত বিশেষ বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার করা হয়নি।









