‘হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি’—চিফ প্রসিকিউটর
মানব কথা:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ভারতের দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। সত্যিই সাহস থাকলে তাকে দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানান তিনি। সোমবার (২৯ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, “ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।”এর আগে রোববার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার অগ্রগতির তথ্যও তুলে ধরেন আমিনুল ইসলাম। তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। তার ভাষ্য, সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ-সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সংশ্লিষ্ট মামলাগুলোর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।









