৪৭তম বিসিএসে ২,১৬৭ ক্যাডার পদ শূন্য, যোগ্য প্রার্থী না পাওয়ার ব্যাখ্যা পিএসসির
মানব কথা:৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিজ্ঞপ্তিতে থাকা তিন হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে মাত্র এক হাজার ৩২০ জনকে। ফলে দুই হাজার ১৬৭টি ক্যাডার পদ শূন্যই থেকে গেছে। পিএসসি জানিয়েছে, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় বিশেষ করে টেকনিক্যাল ও কারিগরি ক্যাডারের বিপুলসংখ্যক পদে কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন এক হাজার ৫২১ জন।পিএসসি সূত্রে জানা গেছে, ক্যাডার পদের তুলনায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা কম হওয়ার প্রধান কারণ হলো শিক্ষা, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়া।
সংস্থাটি জানায়, এসব ক্যাডারের অনেক প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় পিএসসি নির্ধারিত ন্যূনতম পাস নম্বর অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ফলে মানসম্মত প্রার্থী না থাকায় শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হয়নি। পিএসসির কর্মকর্তারা বলছেন, যোগ্যতার মান বজায় রাখতেই প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে না পারা প্রার্থীদের সুপারিশ করা হয়নি। এ কারণে বিপুলসংখ্যক ক্যাডার পদ আপাতত শূন্যই থাকছে।









