জুলাই থেকেই বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
মানব কথা:দুই মাসের বকেয়া বেতনসহ আগামী জুলাই মাস থেকেই নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, “মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বকেয়া বেতন আগামী জুলাই মাসেই পরিশোধ করা হবে। একই সঙ্গে জুলাই থেকে নিয়মিত বেতনও দেওয়া শুরু হবে।” তিনি জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় এসব পদে নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখেনি। “সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, এ খাতে ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু বাজেটে সেই অর্থ বরাদ্দ ছিল না। এ কারণেই দুই মাসের বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়,” বলেন তিনি।তবে এখন অর্থের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাই থেকেই বকেয়াসহ সব বেতন নিয়মিত পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামি শিক্ষায় শিক্ষিতদের দল-মতের ঊর্ধ্বে উঠে আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে জীবন পরিচালনা করা উচিত। তিনি সবাইকে ইসলামের মূল শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।









