ঢাকা-১৫-এর নাগরিক সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল একসঙ্গে কাজ করবে

সময়: 10:35 am - July 1, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫-এর বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় সরকার ও বিরোধীদল সমন্বয়ের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কাজ করার ঘোষণা দেওয়া হয়। বুধবার (১ জুলাই) দিনব্যাপী পরিদর্শনে প্রতিমন্ত্রী পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলি, আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ-সংলগ্ন এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানির সংকট, গ্যাস সংকট, জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, ভাঙা রাস্তা, বাজারের অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, কিশোর গ্যাং এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী অভিযোগগুলো শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতার নির্বাচনি এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। তিনি জানান, সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত করে ধাপে ধাপে স্থায়ী সমাধান করা হবে। একই সঙ্গে ওয়াসা, তিতাস, সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং নাগরিকদের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, পরিদর্শনে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। শিগগিরই ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ চূড়ান্ত করা হবে।

এদিকে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগের বাস্তবসম্মত সমাধানই তাদের মূল লক্ষ্য। তিনি জনস্বার্থে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। সিটি করপোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পরিদর্শনে ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ঢাকা উত্তর সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর