পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার:শহিদুল ইসলাম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান। বৈঠকে বাংলাদেশ-ফিলিস্তিনের ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের সরকার ও জনগণের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-ফিলিস্তিন সম্পর্ক আরও গভীর ও অর্থবহ করতে নিয়মিত সংলাপ এবং ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









