আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ
মানব কথা:আগামী আগস্ট মাসের শেষ দিকে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে অতীতের চলমান প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে। তিনি জানান, সব ধরনের কারিগরি পরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী আগস্টের শেষ নাগাদ রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই ‘ওয়ান আইডি’ প্রকল্পের কাজ শুরু হবে। এই ডিজিটাল পরিচয় ব্যবস্থার আওতায় একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব তথ্য একটি একক পরিচয়পত্রের মাধ্যমে সংরক্ষণ করা হবে। সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক সেবায় স্বচ্ছতা, তথ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সেবায় সমন্বয় আরও সহজ হবে।









