৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা, ৬ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে

সময়: 8:52 am - July 11, 2026 |

মানব কথা: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে দেশের চারটি প্রধান নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এরপর ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৯টার পর্যবেক্ষণ অনুযায়ী, সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে ১০৭ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ১৯ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলিতে ১৭ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার, মনু নদীর মৌলভীবাজার পয়েন্টে ৩৮ সেন্টিমিটার এবং খোয়াই নদীর হবিগঞ্জের বল্লা পয়েন্টে ১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) জানিয়েছে, দেশের ১২৭টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫৭টি পয়েন্টে পানি বৃদ্ধি, ৬৪টি পয়েন্টে হ্রাস এবং ৬টি পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের জাফলংয়ে। অন্যদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব সীমান্তবর্তী নদীগুলোতে পড়ছে।

এদিকে আরও ৯টি নদী পর্যবেক্ষণ কেন্দ্র সতর্কসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তার ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারার শেরপুর, সুরমার কানাইঘাট ও ছাতক, সোমেশ্বরীর কলমাকান্দা, মুহুরীর হরিপুর এবং মাতামুহুরীর চিরিঙ্গা পয়েন্ট। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৩ জুলাই পর্যন্ত দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদীতীরবর্তী এলাকাগুলোতে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে। এ অবস্থায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Share Now

এই বিভাগের আরও খবর