বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
মানব কথা: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা সম্পন্ন হলেই তাদের জন্য সরকারি সহায়তা কার্যক্রম শুরু হবে। শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সুখে-দুঃখে আমরা সবসময় পাশে আছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো কৃষককে একা ফেলে রাখা হবে না।” বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির সংস্কৃতি থাকলেও বর্তমান সরকার তা কঠোরভাবে নজরদারি করছে। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ এলাকার খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।









