ফিনালিসিমার নতুন সম্ভাবনা, আবারও স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হলেও আবারও মুখোমুখি হতে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমা নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।
ক্রীড়া সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে স্পেন ও আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচটি মাঠে গড়ায়নি। তবে ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর ম্যাচটি আবারও আয়োজনের পরিকল্পনা সামনে এসেছে।
ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কনমেবল কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
কেন হয়নি আগের ফিনালিসিমা?
প্রথমে ২০২৬ সালের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়।
পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম এবং স্পেন-আর্জেন্টিনায় হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব এলেও কোনোটি চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
নভেম্বরে হতে পারে ম্যাচ
ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো দাবি করেছেন, বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে।
তার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনকি কাতার সরকার ম্যাচটি আয়োজনের স্বত্বও কিনে নিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও উয়েফা ও কনমেবল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি।
বিশ্বকাপ ফাইনাল বাড়িয়েছে আগ্রহ
ফিনালিসিমার আগেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।
ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ফলে অতিরিক্ত সময়ের বড় একটি অংশ ১০ জন নিয়ে খেলতে হয় আলবিসেলেস্তেদের।
ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, আনুষ্ঠানিক ঘোষণা এলে আবারও দুই পরাশক্তির লড়াইয়ে জমে উঠবে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তঃমহাদেশীয় আসর।









