সাতক্ষীরায় ৭ মাদক কারবারি আটক
মানব কথা : জেলার কালিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা গ্রামের মো. হাবিবুল্লাহ (৩০), পূর্ব নারায়ণপুর গ্রামের মো. আমিরুল ইসলাম (২৩), একই এলাকার মো. আলী হোসেন (২৫), কাকশিয়ালী এলাকার মো. আব্দুল কাশেম (৪০), একই এলাকার মো. সাজু সরদার (২৮), দেয়া এলাকার আব্দুর রহমান (২৫) এবং কাকশিয়ালী এলাকার মো. সুমন রহমান (২২)। পুলিশ জানায়, কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল এলাকায় মাদক বেচাকেনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নিকুঞ্জ রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নগদ তিন হাজার টাকা, ৩০ পুরিয়া গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন সহ ওই ৭ মাদক কারবারিকে আটক করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাসস








