সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, আটক ১

সময়: 1:56 pm - August 12, 2026 |

মানব কথা:জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ বাবু (২০) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৩০ হাজার আটশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, কুশখালি ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ও ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় দু’টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় মোহাম্মদ বাবু নামের এ চোরাকাবারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মো. সাইজুল ইসলামের ছেলে।এছাড়া, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেড়িবাঁধ নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৩০ হাজার আটশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর