ভোলা ও লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ

সময়: 2:57 pm - August 12, 2026 |

মানব কথা:ভোলা ও লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। কোস্ট গার্ড জানায়, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন সেকান্তর নামক এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট রামগতি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে, ভোলার বোরহানউদ্দিন থানাধীন হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একই দিন রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত আজ বুধবার গণমাধ্যমের কাছে এসব তথ্য জানান। তিনি বলেন-জব্দকৃত পলিথিন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি। সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর