হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সময়: 12:04 pm - August 18, 2026 |

মানব কথা:দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১ শিশু। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮১৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৯১৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে নতুন করে ৯০৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৬৭ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ জনের।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। হামের উপসর্গে নতুন করে শিশুমৃত্যু এবং প্রতিদিন বিপুলসংখ্যক নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর