২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা

সময়: 9:43 am - August 24, 2026 |

মানব কথা: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের সিদ্ধান্ত পরিবর্তন: এর আগে আগামী ৭ জানুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।বিগত কয়েক বছর ধরে সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান এবং এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির কারণে সেই ধারাবাহিকতায় পরিবর্তন আসে এবং পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচিতে বিভিন্ন পরিবর্তন করা হয়।

বছরের মধ্যে পরীক্ষা শেষ করার উদ্যোগ:

শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয়ের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার বিষয়ে এর আগে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

Share Now

এই বিভাগের আরও খবর