হবিগঞ্জের ফুটবল উৎসবে কামাল জামান মোল্লা, জোরালো হচ্ছে ক্রীড়াঙ্গনের প্রত্যাশা
স্পোর্টস ডেস্ক: তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান মোল্লা। হবিগঞ্জে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ক্রীড়াপ্রেমী ও স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে। শনিবার (২২ আগস্ট) হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে হুইপ জি কে গউছ এমপিসহ রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল জামান মোল্লা। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজনকে আরও বিস্তৃত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
হবিগঞ্জে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা:
ফাইনাল অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক জানান, দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জকে প্রথম ধাপের আওতায় রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
ফাইনালে বানিয়াচং ফুটবল একাদশ চ্যাম্পিয়ন:
টুর্নামেন্টের ফাইনালে বানিয়াচং ফুটবল একাদশ ১-০ গোলে সিলেটের নুনু এফসি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সংসদ সদস্য ড. সাখাওয়াত হোসেন জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান মোল্লা, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

















