মহাসড়কের যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

সময়: 8:54 am - August 29, 2026 |

মানব কথা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থাকা অ্যাম্বুলেন্সে আমিরুন্নেছা নামে এক হৃদ্‌রোগী মারা গেছেন। ঢাকায় নেওয়ার পথে শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।মৃত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হন আমিরুন্নেছা। পরে রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনরা। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি।স্বজন তারেক আল হাসান জানান, দীর্ঘ প্রায় চার ঘণ্টা অ্যাম্বুলেন্সটি যানজটে প্রায় স্থবির হয়ে ছিল। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শনিবার রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যান আমিরুন্নেছা।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।শুক্রবার সকাল ৮টার দিকে আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই যানজট বাড়তে থাকে। শনিবার বেলা ১১টা পর্যন্তও মহাসড়কের বিভিন্ন অংশে যানজট অব্যাহত ছিল।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের কথা জানিয়েছেন। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী খাবার ও পানির সংকটেও পড়েছেন বলে জানান তারা।চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন তারা। সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।মহাসড়কে সংস্কারকাজ চলাকালে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চালকরাও।

সুরমা পরিবহনের চালক রিপন মিয়া বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এখানে সংস্কারকাজ হলে যানজট নিয়ন্ত্রণে আগে থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো রয়েছে। যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর