শুটিং শেষ করে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক:নেপালের প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে নিরাপদে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পুরো শুটিং টিম। তবে একই দুর্যোগের কারণে নেপালে আটকে আছেন সংগীতশিল্পী তাসরিফ খান।নেপালের পাহাড়ি সৌন্দর্যের টানে নয়, সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যেই সম্প্রতি নেপালে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটিতে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি কলকাতার কয়েকজন শিল্পীও অভিনয় করছেন।তবে শুটিং চলাকালীন নেপালে শুরু হয় টানা বৃষ্টি। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় দেখা দেয় ভয়াবহ বন্যা ও ভূমিধস। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে শুটিং গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেয় সিনেমাটির পুরো দল।অবশেষে শুটিং শেষ করে নিরাপদেই দেশে ফিরেছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার টিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই চিত্রনায়িকা।
অপু বিশ্বাস বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি, এটাই বড় কথা।’এদিকে একই প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালে আটকে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান তিনি।
তাসরিফ জানান, দেশে ফেরার জন্য যে পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেই সড়ক ধসে গেছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি ও তার সঙ্গে থাকা বন্ধুরা।তবে নিজের ও বন্ধুদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন তাসরিফ। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার পথ খুলবে—এমন আশাতেই অপেক্ষা করছেন তারা।একদিকে শুটিং শেষে নিরাপদে দেশে ফিরেছেন অপু বিশ্বাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালে আটকে আছেন তাসরিফ খান। নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।









