বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে

সময়: 8:01 am - September 3, 2026 |

নিজস্ব প্রতিবেদক: জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্টের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়।পরে জরুরি চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য দ্রুত তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। এছাড়া কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছিল।চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর