নতুন পে স্কেলে বাড়ছে যেসব ভাতা, থাকছে আরও ১০ সুবিধা

সময়: 12:47 pm - September 15, 2026 |

জিয়াউল হক টুটুল:

নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদিত নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার পাশাপাশি বাড়ানো হয়েছে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা। একই সঙ্গে চালু হচ্ছে মোবাইল ও প্রতিবন্ধী সন্তান ভাতা। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। এ নিয়ে অর্থ বিভাগ কাজ করছে। প্রজ্ঞাপন জারির আগে তা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন ও নিট পেনশন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। চলতি অর্থবছরে মূল বেতন ও নিট পেনশন বাবদ প্রয়োজন হবে ১ লাখ ৬৮ হাজার ৬৫৬ কোটি টাকা, যা বিদ্যমান বরাদ্দের তুলনায় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা বেশি। আর ২০২৭-২৮ অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে ২ লাখ ১৩ হাজার ৪৯৪ কোটি টাকা।

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের জন্য উল্লেখযোগ্য ১০টি সুবিধা হলো:-

১. বাড়িভাড়া ভাতায় বড় পরিবর্তন

আবাসন ব্যয় ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাড়িভাড়া ভাতার হার বাড়ানো হয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার পৌরসভায় মূল বেতনের ৩০ থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে ২৫ থেকে ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।

২. বয়স অনুযায়ী চিকিৎসা ভাতা

কর্মচারী ও তাঁদের পরিবারের চিকিৎসা ব্যয় বিবেচনায় বয়সভেদে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা, ৫০ বছর একদিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ বছর একদিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের জন্য ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে।

৩. নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার বেশি

নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও তার নিচের গ্রেডের জন্য বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গ্রেড-৪ ও গ্রেড-৩-এর জন্য এ হার ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এর জন্য ২ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।

৪. ১৫০ থেকে ৫০০ টাকা মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর বিধান রাখা হয়েছে। গ্রেড-৫ ও তার ঊর্ধ্বের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও তার নিচের কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। সরকারি দপ্তরে অনলাইন সভা, ই-মেইল, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা ও বিভিন্ন অ্যাপভিত্তিক কাজ বেড়ে যাওয়ায় এ ভাতার আওতা বাড়ানো হয়েছে।

৫. বাড়ছে যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা

নতুন কাঠামোয় বিভিন্ন দৈনন্দিন ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। বর্তমানে ৩০০ টাকা যাতায়াত ভাতা পাওয়া কর্মচারীরা ৬০০ টাকা পাবেন। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

৬. প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা

সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য নতুন করে ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসবেন।

৭. বাড়ছে ঝুঁকি ও প্রেষণ ভাতা

নতুন কাঠামোয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতার ক্ষেত্রেও সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ও উৎসব ভাতা বিদ্যমান হারেই বহাল থাকবে।

৮. পাহাড়ি, হাওর, দ্বীপ ও চর ভাতা

পাহাড়ি অঞ্চলে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। হাওর, দ্বীপ ও চর এলাকায়ও মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বহাল রেখে সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৯. পেনশন ও গ্র্যাচুইটিতে পরিবর্তন

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

১০. সামরিক বাহিনীর বিভিন্ন ভাতা বাড়ছে

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জন্য প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার ক্ষেত্রে বিদ্যমান হারের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

তিন ধাপে মূল বেতন, পরে বিভিন্ন ভাতা

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মূল বেতন ও নিট পেনশন তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে এ অংশ বাস্তবায়নের কথা রয়েছে। অন্যদিকে বিভিন্ন ভাতা একযোগে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। নতুন কাঠামোর প্রজ্ঞাপন জারির পর এসব সুবিধা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার নতুন বেতন কাঠামো নিয়ে বলেন, সরকার সামর্থ্যের মধ্যে থেকে করার চেষ্টা করেছে, যা ইতিবাচক। মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তও যথাযথ বলে মনে করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর