ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট

সময়: 11:37 am - November 2, 2026 |

মানব কথা ডেস্ক:

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে অফিস আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সোমবার শুনানি শেষে আদালত ওই অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং সিদ্ধান্তটির বৈধতা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন।

Share Now

এই বিভাগের আরও খবর