‘সন্ত্রাস-নৈরাজ্যের রাজনীতির কোনো ঠাঁই নেই’: তথ্য প্রতিমন্ত্রী

সময়: 9:02 am - September 27, 2026 |

 জামালপুর প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হতে অনলাইনে বক্তব্য না দিয়ে তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। তিনি বলেন, ‘আপনাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে, বিচার রেডি আছে। সাহস থাকলে এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।’ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড়ে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।  প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে। সেই হত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘অনলাইনে হুংকার দিলে হবে না। বাংলাদেশের মাটিতে এখন আসেন। আপনাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে। আপনাদের জন্য বিচার রেডি আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।’

‘সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি বরদাশত করা হবে না’

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা ফ্যাসিবাদ, নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি করে, বাংলাদেশের মাটিতে তাদের কোনো ঠাঁই নেই। অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারা এখনো একই ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ এসব অপচেষ্টা প্রতিহত করবে। বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ:

আওয়ামী লীগের সমালোচনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখনই লুটপাট করেছে। তার অভিযোগ, ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, জনগণের সম্পদ যারা লুটপাট করেছে এবং দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের একদিন আইনের মুখোমুখি হতে হবে। এর আগে একই সমাবেশে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের নামে জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ তোলেন।

কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা:

ইয়াসের খান চৌধুরী বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে। অভিযুক্তরা বিচারের আওতায় না আসা এবং আদালতের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত পর্যায়ক্রমে এসব কর্মসূচি চলবে বলে তিনি জানান। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর