ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সময়: 9:09 am - November 15, 2026 |

 মোঃ সাব্বির আহমেদ:

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি, তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’ এ সময়ের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইএমএফের শর্তের কারণে নতুন কর্মসূচি নিয়ে অগ্রগতি থেমে আছে কি না—এমন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শর্তের কারণে সরকার আইএমএফের কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি। আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সময়ের প্রয়োজন রয়েছে। রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে জনগণকে ভুগতে হতে পারে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দেশের অর্থনৈতিক কাঠামো সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিশ্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে অর্থনৈতিক কাঠামো নতুনভাবে সাজাতে হবে। তিনি আরও বলেন, সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বয় করা হচ্ছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে। সব অংশীদার সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বিতভাবে কাজ না করলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা কঠিন হবে। আইএমএফও এ সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর