রিলসে টাকার বান্ডিল, বাড়ি থেকে চুরি কোটি টাকার গয়না
বিনোদন ডেস্ক:সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত স্বর্ণের গয়না ও টাকার বান্ডিলের ভিডিও পোস্ট করতেন ভারতের এক ইনফ্লুয়েন্সার। শেষ পর্যন্ত সেই সোশ্যাল মিডিয়া পোস্টই যেন কাল হয়ে দাঁড়াল। শপিংয়ে যাওয়ার সুযোগে তার বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার গয়না ও নগদ অর্থ চুরি হয়েছে।ঘটনাটি ঘটেছে ভারতের কন্যাকুমারী জেলার নাগেরকোইলের কাছে থামাথুকোনম এলাকায়। সেখানে স্বামী বিনোদ কুমার ও এক সন্তানকে নিয়ে বসবাস করেন ইনফ্লুয়েন্সার মধুমিতা।গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যরা শপিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাতে ফিরে তারা দেখতে পান, শোয়ার ঘরের আলমারি ভাঙা। ভেতরে রাখা সোনা, হিরের অলঙ্কার ও নগদ টাকা নেই।পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণের গয়না, হিরের অলঙ্কার এবং ৫০ হাজার টাকা নগদ। সব মিলিয়ে চুরি যাওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
সোশ্যাল মিডিয়ার পোস্টে পুলিশের নজর
চুরির তদন্তে নেমে মধুমিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের নজরে এসেছে তার একাধিক রিল ও পোস্ট।কোনো ভিডিওতে তাকে বাড়িতে থাকা স্বর্ণের গয়না পরে থাকতে দেখা গেছে। আবার কোনো পোস্টে বিছানার ওপর সাজানো টাকার বান্ডিল দেখা যায়। এমনকি সন্তানের ওপর টাকার নোট ছড়িয়ে দেওয়ার ভিডিওও রয়েছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।এ ছাড়া মধুমিতা কোথা থেকে গয়না কিনেছেন, সেই তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।পুলিশের প্রাথমিক ধারণা, পরিবারের সোশ্যাল মিডিয়া আপডেট এবং চুরির সময়ের মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। পরিবার কখন বাড়িতে থাকে না—সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখে দুষ্কৃতীরা সেই তথ্য পেয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র: গালফ নিউজ









