দোহারে মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড ও জরিমানা
ঢাকার দোহার উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার সুতারপাড়া, আন্তা, সাইনপুকুর ও পালামগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে আটক ব্যক্তিরা হলেন সুতারপাড়া এলাকার আব্দুর রবের ছেলে মো. সুমন (৩৬) ও হারুন ফকিরের ছেলে মোহাম্মদ রবিউল ফকির (২৮), আন্তা এলাকার শেখ লিকনের ছেলে মো. রুবাব (৩০), সাইনপুকুর এলাকার এয়ার খানের ভিটিবাড়ি থেকে আব্দুর রাজ্জাকের ছেলে মো. শুভ খান (২৪) এবং পালামগঞ্জ এলাকার তোতা মিয়ার ছেলে মাসুদ রানা (২৪) ও ইদ্রিস আলীর ছেলে সায়েম হোসেন (২৬)। অভিযান শেষে আটক ছয়জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তবে তাঁদের প্রত্যেকের কারাদণ্ডের মেয়াদ এবং জরিমানার পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ, জনস্বার্থ রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









